ইরানের সঙ্গে যুদ্ধ কতদিন চলতে পারে জানালেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান প্রায় চার সপ্তাহের মধ্যেই শেষ হতে পারে।
স্থানীয় সময় রোববার (১ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এটা শুরু থেকেই চার সপ্তাহের একটি প্রক্রিয়া। ইরান বড় দেশ হলেও চার সপ্তাহ বা তারও কম সময় লাগতে পারে।
মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, এখন পর্যন্ত অভিযান পরিকল্পনা অনুযায়ীই এগোচ্ছে। ট্রাম্পের ভাষায়, সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলছে। আমরা তাদের পুরো নেতৃত্বকেই সরিয়ে দিয়েছি—যা আমাদের ধারণার চেয়েও বেশি।
ডোনাল্ড ট্রাম্প আরও দাবি করেন, অভিযানে এখন পর্যন্ত ৪৮ জন ইরানি শীর্ষ নেতাকে হত্যা করা হয়েছে।
সৌদি আরব এই যুদ্ধে যুক্ত হয়েছে কি না—এমন প্রশ্নে ট্রাম্প ইঙ্গিত দেন, রিয়াদ ইতোমধ্যেই সংঘাতে জড়িত। তবে এ বিষয়ে সৌদি সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
এদিকে নিউইয়র্ক টাইমসকে দেওয়া আরেক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুদ্ধ চার থেকে পাঁচ সপ্তাহ পর্যন্ত চলতে পারে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে পর্যাপ্ত অস্ত্র ও গোলাবারুদ রয়েছে।
ট্রাম্প বলেন, আমাদের কাছে বিপুল পরিমাণ গোলাবারুদ আছে। প্রয়োজনে আমরা দীর্ঘ সময় ধরে এই অভিযান চালিয়ে যেতে পারব।
মার্কিন সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, অভিযানের প্রথম ২৪ ঘণ্টায় বি–২ স্টেলথ বোমারু বিমান, যুদ্ধবিমান, বিমানবাহী রণতরী ও গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ব্যবহার করে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে।
অন্যদিকে পাল্টা জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এ পর্যন্ত সংঘর্ষে তিনজন মার্কিন সেনা নিহত এবং পাঁচজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

এনটিভি অনলাইন ডেস্ক