ইরানের সঙ্গে যুদ্ধের অবসান চান বেশিরভাগ আমেরিকান, চাপে ট্রাম্প প্রশাসন
ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অবসান চান যুক্তরাষ্ট্রের প্রতি তিনজনের মধ্যে দুজন নাগরিক। বিভিন্ন জনমত জরিপে উঠে আসা এমন পরিসংখ্যান এখন ট্রাম্প প্রশাসনের ওপর রাজনৈতিক চাপ বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে জ্বালানির আকাশচুম্বী দাম ও ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির কারণে অতিষ্ঠ সাধারণ মানুষ এই যুদ্ধের দ্রুত সমাপ্তি দেখতে চায়। খবর আল জাজিরার।
মজার বিষয় হলো, ট্রাম্প প্রশাসনের ভেতরে যারা শুরু থেকেই এই যুদ্ধের বিপক্ষে ছিলেন, তাদের মধ্যে অন্যতম প্রধান কণ্ঠস্বর ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এখন তিনিই ইসলামাবাদে মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে যাচ্ছেন। যুদ্ধ শুরু হওয়ার বিরোধী হওয়ায় ইরানিদের সঙ্গে একটি শক্তিশালী ও কার্যকর যুদ্ধবিরতি চুক্তি করার জন্য তাঁর ওপর এখন বড় ধরনের চাপ রয়েছে।
পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে জেডি ভ্যান্স আলোচনার বিষয়ে ইতিবাচক সদিচ্ছা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘যদি ইরানিরা সদিচ্ছা নিয়ে আলোচনা করতে চায়, তবে আমরা অবশ্যই তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত।’
এদিকে আলোচনার আবহেও মধ্যপ্রাচ্যে সংঘাত থামছে না। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার দেশজুড়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫৭ জনে দাঁড়িয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে থাকায় এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তবে আশার কথা হলো, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় মূল আলোচনার আগে যুক্তরাষ্ট্রে নিযুক্ত লেবানন ও ইসরায়েলের রাষ্ট্রদূতরা ফোনে কথা বলেছেন। দুই দেশের মধ্যে এটিই প্রথম সরাসরি যোগাযোগের খবর, যা যুদ্ধবিরতির পথে একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

এনটিভি অনলাইন ডেস্ক