আলোচনায় অগ্রগতি হয়নি, আমরা নমনীয় ছিলাম : ভ্যান্স
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানের সঙ্গে চলমান আলোচনায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলেও কোনো অগ্রগতি অর্জন করা সম্ভব হয়নি।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, আমরা এমন কোনো অবস্থায় পৌঁছাতে পারিনি, যেখানে ইরান আমাদের শর্ত মেনে নিতে প্রস্তুত ছিল। আমার মনে হয়, আমরা যথেষ্ট নমনীয় ছিলাম এবং সমঝোতার চেষ্টা করেছি। খবর আল জাজিরার।
ভ্যান্স আরও জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনাকারী দলকে নির্দেশ দিয়েছিলেন সৎ উদ্দেশ্যে অংশ নিতে এবং একটি চুক্তিতে পৌঁছানোর সর্বোচ্চ চেষ্টা করতে।
ভ্যান্স বলেন, আমরা সেটিই করেছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কোনো অগ্রগতি করতে পারিনি।
উল্লেখ্য, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আলোচনায় এখনও গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সমঝোতা হয়নি, যা একটি স্থায়ী যুদ্ধবিরতির পথে বড় বাধা হিসেবে দেখা হচ্ছে।
ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দলের মধ্যে সরাসরি আলোচনা চলছে। নিজেদের কারিগরি কমিটির সঙ্গে বৈঠকের পর এখন বিশেষজ্ঞ দল নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে দুপক্ষ।
মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার সঙ্গে রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। অন্যদিকে, ইরানি প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। এই প্রতিনিধি দলে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিসহ অন্যান্য উর্ধ্বতন নেতারাও রয়েছেন।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি হামলার মাধ্যমে যে যুদ্ধের সূচনা হয়েছিল, তা দুই সপ্তাহের জন্য স্থগিত থাকা অবস্থায় এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়া এবং বিশ্ব অর্থনীতিতে আঘাত হানা এই সংঘাত গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় একটি অস্থায়ী যুদ্ধবিরতির পর সাময়িকভাবে বন্ধ হয়।

এনটিভি অনলাইন ডেস্ক