ভবানীপুরে জমে উঠেছে মমতা-শুভেন্দুর লড়াই, ব্যবধান সামান্য
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জমে উঠেছে লড়াই। বিশেষ করে ভবানীপুরের দিকে নজরটা আলাদা। কেননা আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী। হাড্ডাহাড্ডি লড়াই চলছে। একবার এগিয়ে যাচ্ছেন মমতা আরেকবার শুভেন্দু।
ভবানীপুরে প্রথম রাউন্ড গণনা শেষে ১ হাজার ৯৯৬ ভোটে এগিয়ে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু পেয়েছিলেন ১ হাজার ৬৭০ ভোট। তবে পরে আবার পিছিয়ে যান মমতা।
আরও পড়ুন: তামিলনাড়ুতে থালাপতি বিজয়ের উত্থান, পশ্চিমবঙ্গে এগিয়ে বিজেপি
আনন্দবাজারের সবশেষ প্রতিবেদন অনুযায়ী, ফের আবার এগিয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয় রাউন্ডের শেষে মমতার প্রাপ্ত ভোট ৯ হাজার ৩৫৯, শুভেন্দুর প্রাপ্ত ভোট ৮ হাজার ৪৬১। ৮০০-র বেশি ভোটে এগিয়ে রয়েছেন মমতা।
ভবানীপুরে জিততে মরিয়া হয়ে আছেন মমতা। ২০২১ সালের নির্বাচনে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে হেরেছিলেন তিনি। সেই হারের প্রতিশোধ নিতে চাইবেন তিনি। সেই নির্বাচনে শুভেন্দু অধিকারীর কাছে ১ হাজার ৯৫৬ ভোটে পরাজিত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করবে : শুভেন্দু অধিকারী
আরও পড়ুন: শুভেন্দুকে এবার হারাতে পারবেন মমতা, কে এগিয়ে?
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও রাজ্যের বর্তমান ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। সর্বশেষ ফলাফল অনুযায়ী, বিজেপি এগিয়ে ১৬৫ আসনে আর তৃণমূল এগিয়ে ১১৭ আসনে। সিপিএম দুইটি এবং অন্যান্যরা চারটি আসনে এগিয়ে রয়েছে।
আজ সকাল সাড়ে ৮টায় ভোট গণনা শুরু হয়। স্থানীয় সময় দুপুর ১২টার মধ্যে জয়–পরাজয়ের গতিপ্রকৃতি জানা যেতে পারে। তবে গণনা পুরোপুরি শেষ হতে কোনো কোনো কেন্দ্রে রাতও হয়ে যেতে পারে।
নির্বাচনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও রাজ্যের বর্তমান ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস উভয়েই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী।
আরও পড়ুন: বিজেপি ও তৃণমূলের হাড্ডাহাড্ডি লড়াই, শেষ হাসি কার?
আরও পড়ুন: পশ্চিমবঙ্গে বুথফেরত জরিপের নানা ফল, হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত
কলকাতাসহ ২৩ জেলায় স্থাপিত ৭৭টি কেন্দ্রে একযোগে ভোট গণনা শুরু হয়েছে। গত নির্বাচনে কেন্দ্রের সংখ্যা ছিল ১০৮টি। কলকাতার সবচেয়ে বড় গণনাকেন্দ্র স্থাপন করা হয়েছে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। এখানে কলকাতা মহানগরীর ১১টি আসনের মধ্যে সাতটি আসনের ভোট গণনা করা হবে।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ হয়েছে মোট ২৯৪টি আসনে। এরমধ্যে ভোট গণনা করা হবে ২৯৩টি আসনের। একটি আসনে (ফলতা) পুনরায় ভোটগ্রহণ করা হবে এ মাসেই।
গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪ আসনে ভোট হয়। প্রথম দফায় ২৩ এপ্রিল ভোট নেওয়া হয় ১৬ জেলার ১৫২ আসনে। দ্বিতীয় দফায় ২৯ এপ্রিল ভোট নেওয়া হয় কলকাতাসহ ৭টি জেলার ১৪২টি আসনে।
ফলাফল ঘোষণার আগে রাজ্যটির সব রাজনৈতিক দল নজর রাখছে ভোট গণনার দিকে। সব দলই নিশ্চিত করতে চাইছে যেন গাফিলতি না হয় গণনার সময় বা কোনো প্রক্রিয়ায় যেন বিঘ্ন না ঘটে।

এনটিভি অনলাইন ডেস্ক