ফেডের বার্তার অপেক্ষায় স্থিতিশীল স্বর্ণের দাম, কমলো রুপা
মধ্যপ্রাচ্যে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং মার্কিন ফেডারেল রিজার্ভের (ফেড) আগামী মুদ্রানীতির সিদ্ধান্তের দিকে বিনিয়োগকারীদের কড়া নজর থাকায় বিশ্ববাজারে স্বর্ণের দাম স্থিতিশীল রয়েছে। মূলত ফেডারেল রিজার্ভের জুন মাসের বৈঠকের কার্যবিবরণী প্রকাশের অপেক্ষায় বিনিয়োগকারীরা এখন সতর্ক অবস্থান নিচ্ছেন।
মঙ্গলবার (৭ জুলাই) বিশ্ববাজারে স্পট গোল্ডের দাম প্রতি আউন্স ৪ হাজার ১৬৮ দশমিক ৬২ ডলারে প্রায় অপরিবর্তিত অবস্থায় দেখা গেছে। অন্যদিকে, আগামী আগস্ট মাসে সরবরাহের চুক্তি অনুযায়ী মার্কিন গোল্ড ফিউচারের দাম শূন্য দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৪ হাজার ১৮০ দশমিক ৫০ ডলারে পৌঁছেছে।
এর আগে গত সপ্তাহে মার্কিন কর্মসংস্থানের দুর্বল তথ্য প্রকাশের পর, বাজারে স্বল্পমেয়াদে সুদের হার বৃদ্ধির আশঙ্কা কিছুটা কমে যায়। যার ফলে গত সোমবার (৬ জুলাই) স্বর্ণের দাম গত দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ স্তরে উঠেছিল।
বাজারের এই পরিস্থিতি নিয়ে জেনার মেটালসের ভাইস প্রেসিডেন্ট ও সিনিয়র মেটালস স্ট্র্যাটেজিস্ট পিটার গ্রান্ট বলেন, বাজারে এই বাস্তবতা এখন স্পষ্ট হচ্ছে যে ফেড এখনও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনার ওপরই সবচেয়ে বেশি জোর দিচ্ছে। তাই ধারণা করা হচ্ছে, দীর্ঘ সময়ের জন্য সুদের হার বাড়িয়ে রাখাই হতে পারে ফেডের পরবর্তী পদক্ষেপ। সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ব্যবসায়ীরা এখনও আগামী সেপ্টেম্বর মাসে সুদের হার বৃদ্ধির ৬০ শতাংশ সম্ভাবনা দেখছেন। এখন সব পক্ষের দৃষ্টি বুধবার প্রকাশিতব্য ফেডের সভার কার্যবিবরণীর দিকে।
স্বর্ণের দাম স্থিতিশীল থাকলেও অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট রুপার দাম ১ শতাংশ হ্রাস পেয়ে প্রতি আউন্স ৬১ দশমিক ৪৮ ডলারে নেমে এসেছে। তবে প্ল্যাটিনামের দাম ১ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ৬৫০ দশমিক ৪৭ ডলারে এবং প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ২৭৮ দশমিক ৫৬ ডলারে দাঁড়িয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক